নারায়ণগঞ্জের ফতুল্লায় সিএসআরএম স্টিল রি-রোলিং মিল কারখানার ভাট্টিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মিলের চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকার ওই মিল কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন- মিজান (৪০), সুমন (৩৩), মিলন (৩৫) ও উজ্জ্বল (৩২)। তাদের মধ্যে মিজানের শরীরের ৩ শতাংশ, সুমনের ২ শতাংশ, মিলনের ৩ শতাংশ এবং উজ্জ্বলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
কারখানার শ্রমিকরা জানান, দুপুরে ভাট্টিতে পুরোনো ময়লা লোহা গলানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আগুনের ফুলকি ছিটকে চার শ্রমিকের শরীরে পড়ে তারা দগ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্টিল মিলের কর্মকর্তা পাভেল বলেন, মিলের লোহা গলানোর ভাট্টিতে হঠাৎ বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হন। দুর্ঘটনার পর মিলের অন্য কর্মীরা দ্রুত আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, এ ঘটনায় কেউ আমাদের খবর দেয়নি। পরে জানতে পেরে আমাদের টিম ঘটনাস্থলে গেছে। কারখানার দগ্ধ শ্রমিকদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।