কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে মন্তব্যের অভিযোগে স্কুলশিক্ষক আটক

শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে গোলাম কিবরিয়া লালন নামের এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক গোলাম কিবরিয়া লালন দৌলতপুর উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে দশম শ্রেণির বাংলা ক্লাসে সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ তোলেন শিক্ষক গোলাম কিবরিয়া। এ সময় তিনি প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে কিছু মন্তব্য করেন।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে একদল লোক জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই শিক্ষককে আটক করে।

ঘটনার বিষয়ে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় তিনি কটূক্তির অভিযোগ অস্বীকার করেন। তবে দীর্ঘদিন বিদেশে অবস্থান করার কারণে প্রধানমন্ত্রীর উচ্চারণে কিছু অস্পষ্টতা রয়েছে বলে ক্লাসে মন্তব্য করেছিলেন বলে স্বীকার করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে মন্তব্য এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে ওই শিক্ষককে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *