কোরবানি ঘিরে ২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা

আগামী সপ্তাহে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। ফলে চলতি মে মাসের প্রথম ২০ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মে মাসের প্রথম ২০ দিনে দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা) অনুযায়ী এর পরিমাণ প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে এক হাজার ৬০৯ কোটি টাকার বেশি রেমিট্যান্স।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর নজরদারি, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে প্রণোদনা এবং ব্যাংকিং সেবার উন্নয়নের ফলে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে। পাশাপাশি ঈদুল আজহাকে কেন্দ্র করে মে মাসের শেষ দিকে এ প্রবাহ আরও বাড়তে পারে বলেও তারা আশা প্রকাশ করেছেন।

মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার। আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার আসে।

ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ এবং এপ্রিল মাসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলারের রেমিট্যান্স দেশে আসে।

অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদকেন্দ্রিক এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে মে মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসতে পারে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *