চলচ্চিত্র বনলতা সেন: নির্মাতা নিজেই যখন পোস্টারের কারিগর

কবিতার ভেতর থেকে উঠে আসা এক চলচ্চিত্র, আর সেই চলচ্চিত্রের পোস্টারে যখন নিজেই হাতে রাখেন নির্মাতা—তখন তা শুধু প্রচারণা নয়, হয়ে ওঠে নির্মাণশৈলীরই আরেক ভাষা। ব্যতিক্রমী এই দৃষ্টিভঙ্গিতেই আলোচনায় এসেছে বনলতা সেন। চলচ্চিত্রটির ক্যারেক্টার পোস্টার প্রকাশের পরই দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের নজর কাড়ছে এর ভিজ্যুয়াল ভাষা ও নকশার ভিন্নতা।

বনলতা সেন চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণার দুই দিনের মাথায় প্রকাশিত হয়েছে এর ক্যারেক্টার পোস্টার। তবে পোস্টার প্রকাশের পর দর্শকদের আগ্রহের কেন্দ্রে শুধু চলচ্চিত্র নয়, আলোচনায় এসেছে এর নির্মাণশৈলীও। কারণ, ব্যতিক্রমধর্মী এই পোস্টারগুলোর নকশা ও চিত্রায়ণ করেছেন স্বয়ং নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।

চলচ্চিত্রটির পোস্টার নিয়ে কথা বলতে গিয়ে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, “হ্যাঁ, চলচ্চিত্রের পোস্টারগুলো আমি এঁকেছি, আমি বানিয়েছি। পোস্টারে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্য থেকে নেয়া ছবি। ছবির ব্যাকগ্রাউন্ডে যা ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে চলচ্চিত্রের ভেতরকার গল্প। ফলে ব্যাকগ্রাউন্ডটা চলচ্চিত্রের আবহ বহন করছে।”

চলচ্চিত্রের অফিসিয়াল ক্যারেক্টার পোস্টার

তিনি আরও বলেন, “‘বনলতা সেন’-এর টাইপোগ্রাফি করেছেন দেওয়ান আতিকুর রহমান। স্কেচগুলো করেছেন আমার অ্যাসিন্টেন্ট আর্ট ডিরেক্টর শাহনেওয়াজ শিশির। পোস্টারের মাধ্যমে আমরা একদিকে চরিত্রগুলোকে কীভাবে সিনেমায় দেখা যাবে তার ইঙ্গিত দিতে চেয়েছি, অন্যদিকে কোন ধরনের আবহে দেখা যাবে সেটারও ধারণা দিতে চেয়েছি। পুরো ছবির বিষয়-আশয় যেন পোস্টার দেখেই কিছুটা বোঝা যায়, সেটাই চেষ্টা করেছি।”

প্রচলিত ধারা থেকে ভিন্ন এই পোস্টার প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, “সিনেমাটা যেহেতু প্রচলিত কাঠামোর সিনেমা না, সেহেতু পোস্টারটাও প্রচলিত হবে না—এটাই খুব স্বাভাবিক।”

ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীতে নাটক নির্মাণ করে দীর্ঘদিন ধরেই প্রশংসিত মাসুদ হাসান উজ্জ্বল। গত ১৫ বছরে তার পরিচালনায় নির্মিত হয়েছে প্রায় ৩০টি নাটক, যেগুলোর বেশিরভাগই দর্শকপ্রিয়তা পেয়েছে। সেই অভিজ্ঞতা নিয়ে ২০১৮ সালে তিনি নির্মাণ করেন প্রথম চলচ্চিত্র ঊনপঞ্চাশ বাতাস।

শুধু নির্মাতা হিসেবেই নয়, সংগীতশিল্পী হিসেবেও পরিচিত তিনি। একসময় মেঘদল-এর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন হিসেবে কাজ করেছেন। পরে ব্যান্ডটি থেকে সরে গিয়ে নিজের ব্যান্ড ওমকার গড়ে তোলেন। চারুকলার ছাত্র হিসেবে তার ভিজ্যুয়াল সেন্সের ছাপ এবার স্পষ্ট হলো ‘বনলতা সেন’-এর পোস্টারেও। মাসুদ হাসান উজ্জ্বল ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

মাসুদ হাসান উজ্জ্বলের নির্দেশনায় শাহনেওয়াজ শিশিরের স্কেচেও এসেছে পোস্টার

বনলতা সেন নির্মিত হয়েছে কবি জীবনানন্দ দাশ-এর কালজয়ী কবিতা অবলম্বনে। প্রায় শতবর্ষী এই কবিতার আবহ, দর্শন ও রহস্যকে নতুনভাবে বড় পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। চলচ্চিত্রটিতে ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি থাকছে কয়েকটি কাল্পনিক চরিত্রও।

আগামী ১৯ মে সন্ধ্যায় প্রকাশিত হবে ছবিটির টিজার। এরপর পর্যায়ক্রমে ট্রেলার, গান ও অন্যান্য কনটেন্ট প্রকাশ করা হবে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা-তে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

চলচ্চিত্রটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক অভিনয়শিল্পী। নাম ভূমিকায় মাসুমা রহমান নাবিলা অভিনয় করেছেন বনলতা সেন চরিত্রে। কবি জীবনানন্দ দাশ-এর চরিত্রে দেখা যাবে খায়রুল বাশারকে। এছাড়া মহীন চরিত্রে সোহেল মন্ডল, রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্রে গাজী রাকায়েত, বুদ্ধদেব বসু চরিত্রে শরীফ সিরাজ, শোভনা চরিত্রে রূপন্তী আকিদ, লীলা নাগ চরিত্রে নাজিবা বাশার এবং বনলতা বন্দ্যোপাধ্যায় চরিত্রে প্রিয়ন্তী উর্বী অভিনয় করেছেন।

চলচ্চিত্রটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থবছরের অনুদানপ্রাপ্ত এবং প্রযোজনা করছে রেড অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *