চাকরি দেওয়ার নামে প্রতারণা, অবসরপ্রাপ্ত সেনাসদস্য আটক

টাকার বিনিময়ে বিমানবন্দরে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে সাভারের আশুলিয়া থেকে মো. কবির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৪।

সোমবার (২০ এপ্রিল) আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাতে এ তথ্য জানান র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।

আটক কবির হোসেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মারিশনপাড়া এলাকার বাসিন্দা এবং একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য।

র‍্যাব জানায়, কবির হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিমানবন্দরে ট্রলিম্যান পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নিতেন। এভাবে ৮০ থেকে ৯০ লাখ টাকা নেন। ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার পর তাদের ভুয়া আইডি কার্ড দিয়ে বিমানবন্দরে চাকরিতে যোগ দিতে বলা হতো। পরে তারা সেখানে গিয়ে বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন।

র‍্যাবের কাছে অভিযোগ আসার পর অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে চলে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *