চাকরি ফিরে পাচ্ছেন টিপকাণ্ডে বরখাস্ত সেই কনস্টেবল

রাজধানীর ফার্মগেটের বহুল আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন প্রশাসনিক ট্রাইব্যুনাল।

তার দায়ের করা মামলার শুনানি শেষে বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালতে নাজমুল তারেকের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রহিম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন।

২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেটে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে নাজমুল তারেক দেশজুড়ে আলোচনায় আসেন। সে সময় তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রোটেকশন বিভাগে কর্মরত ছিলেন। ওই ঘটনার জেরে বিভাগীয় ব্যবস্থা হিসেবে প্রথমে তাকে সাময়িক বরখাস্ত এবং পরে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

অভিযোগ ছিল, উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে লতা সমাদ্দার অভিযোগ করেন, পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তাকে ‘টিপ পরছোস কেন’ বলে কটূক্তি করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর তদন্ত শেষে নাজমুল তারেককে প্রথমে সাময়িক বরখাস্ত এবং পরে বিভাগীয় প্রক্রিয়া শেষে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

তবে চাকরি হারানোর পর থেকেই নাজমুল তারেক দাবি করে আসছিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তার দাবি, তিনি টিপ নিয়ে কোনও ধরনের কটূক্তি করেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনও প্রমাণ নেই।

এরপর ২০২২ সালের নভেম্বরে চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন নাজমুল তারেক। সেই মামলার রায়ে আদালত তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *