জামায়াত আমিরের সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের বৈঠক, গুরুত্ব পেলো স্বাস্থ্য খাত

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি। বৈঠকে দুই দেশের মধ্যে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, তেহরান-ঢাকা সরাসরি বিমান যোগাযোগ চালু এবং মেডিকেল ট্যুরিজম সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। এ সময় ডা. শফিকুর রহমান ইরান সরকারের সহযোগিতায় বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানি দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর এসরাফিল আমিরি গোরজাদ্দিনি, কালচারাল কাউন্সেলর মাহদি মোলারস এবং মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তা (দোভাষী) মাহফুজুল হক উপস্থিত ছিলেন।

জামায়াত সূত্র জানায়, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্য এবং বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানান ইরানের রাষ্ট্রদূত। একই সঙ্গে আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি।

আলোচনায় সাম্প্রতিক সংঘাতে নিহত ইরানি নাগরিকদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান জামায়াত আমির। তিনি সংঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইরানের বিদ্যমান সুসম্পর্কের প্রশংসা করে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে সম্পর্ককে আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকারের সদিচ্ছার কথাও পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *