জামায়াত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন জামায়াতে ইসলামীর জান্নাতে যাওয়ার পথ দেখানোর দাবি নিয়ে প্রশ্ন তুলে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন অবস্থানের সমালোচনা করেছেন।

বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।

স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেয়। হাদিসে আছে, কিয়ামতের আগে দাজ্জালও মানুষকে জান্নাত দেখিয়ে তাকে অনুসরণ করতে বলবে।

জামায়াত মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায়, সেই প্রশ্ন তুলে রাশেদ খাঁন দলটির রাজনৈতিক অবস্থান নিয়ে একাধিক প্রশ্ন করেন।

তিনি লেখেন, এই পথ কি ভোটের আগে বিদেশিদের সঙ্গে বৈঠক করে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করার কথা অস্বীকার করার পথ? নাকি গাজী নজরুল ইসলামের পথ? নাকি শহীদ আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হওয়ার পথ কিংবা রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ-ওপিঠ বলে ধর্ম অবমাননার পথ?

জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আরও প্রশ্ন তুলে তিনি লেখেন, আগে হিন্দু মানে নৌকা, এবার হিন্দু মানে দাঁড়িপাল্লা বলার পথ কি না। একদিকে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া, অন্যদিকে জান্নাতের টিকিট বিতরণ করার পথ কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গেও জামায়াতের সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় আওয়ামী লীগের বিচার না চেয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করার পথ কি না, সেটিও প্রশ্ন।

স্ট্যাটাসের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটি দাজ্জালের জান্নাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *