পাকিস্তানের নৌবাহিনী দেশে তৈরি ‘তৈমুর’ নামক আকাশ থেকে নিক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। মঙ্গলবার সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানিয়েছে, পাকিস্তান নৌবাহিনী তাদের দেশে তৈরি জাহাজ-বিধ্বংসী অস্ত্র ব্যবস্থা ‘তৈমুর’ ক্ষেপণাস্ত্রের সফল লাইভ ফায়ারিং সম্পন্ন করেছে। এটি নির্ভুল নিশানায় আঘাত হানার সক্ষমতা এবং অপারেশনাল প্রস্তুতির এক শক্তিশালী প্রদর্শনী।
বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যভেদে ‘অসাধারণ নির্ভুলতা’ প্রদর্শন করেছে, যা দূরপাল্লার সামুদ্রিক হুমকি শনাক্ত, লক্ষ্য নির্ধারণ এবং তা নিষ্ক্রিয় করার ক্ষেত্রে পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতাকে প্রমাণ করে।
এই পরীক্ষাটি পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতাকে ‘একটি গুরুত্বপূর্ণ উচ্চতায়’ নিয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল পাকিস্তানের নৌবাহিনী তাদের দেশে তৈরি একটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। এছাড়া জানুয়ারি মাসে উত্তর আরব সাগরে ‘কমপ্রিহেনসিভ এক্সারসাইজ’-এর সময় নৌবাহিনী সফলভাবে সারফেস-টু-এয়ার মিসাইল বা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।