নিরাপত্তা শুধু অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভর করে না: স্পিকার

নিরাপত্তা শুধু অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভর করে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, নিরাপত্তা জাতির অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও আন্তর্জাতিক সীমানার স্থিতিশীলতার ওপরও নির্ভর করে। পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিবিহীন নিরাপত্তা কখনও বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না।

বুধবার (২০ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর ফিউচার স্টাডিজের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিন ‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় জাতীয় নিরাপত্তা’ শীর্ষক সমাপনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করতে হবে। এটি একদিকে জাতির ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের দায়িত্বশীলতাকে প্রমাণ করবে এবং অন্যদিকে জনগণের আস্থা ও ভরসাকে সুদৃঢ় করবে।

স্পিকার বলেন, দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তাকে নতুন করে সংজ্ঞায়িত করা, লেনদেনমূলক বহুমুখিতা এবং আঞ্চলিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, দক্ষিণ এশিয়ায় অভিবাসন এবং শরণার্থী, অপতথ্য ও ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং পরিবর্তিত বিশ্বে আঞ্চলিক সহযোগিতা বিষয়ে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় ও গবেষণাভিত্তিক গঠনমূলক আলোচনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলংকার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স।

স্পিকার এ সময় ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষকে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *