পরিচালক হিসেবে কানে ফিরছেন বৈমানিক!

হলিউড তারকা জন ট্রাভোল্টা অভিনয়ের গণ্ডি পেরিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।

আগামী ১২ মে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে ‘কান প্রিমিয়ার’ বিভাগে এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নেবেন ৭২ বছর বয়সী এই আমেরিকান অভিনেতা-নির্মাতা।

অনেকেরই জানা নেই, জন ট্রাভোল্টা একজন দক্ষ বৈমানিক। ১৫ বছর বয়সে উড়োজাহাজ চালানো শুরু করেন তিনি। প্রথম পাইলট লাইসেন্স পান ২২ বছর বয়সে। বোয়িং ৭০৭, ৭৩৭, ৭৪৭, এয়ারবাস এ৩৮০, বোম্বারডিয়ার গ্লোবাল এক্সপ্রেসের উড়োজাহাজ চালানোর অনুমোদন আছে তার। ৯ হাজার ঘণ্টার বেশি সময় ফ্লাইট পরিচালনায় অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। তার মালিকানাধীন কয়েকটি ব্যক্তিগত বিমান আছে।

আকাশজয়ের নেশা থেকে ১৯৯৭ সালে প্রকাশিত হয় জন ট্রাভোল্টার লেখা গল্পের বই ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’। নিজের গ্রন্থ অবলম্বনে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। ছবিটির অন্যতম প্রযোজক জন ট্রাভোল্টা। এর গল্পে দেখা যাবে, বিমানে কিশোর জেফ ও তার মায়ের হলিউডের উদ্দেশ্যে যাত্রা পরিণত হয় এক অবিস্মরণীয় ঘটনায়। জেফ চরিত্রে অভিনয় করেছেন নবাগত ক্লার্ক শটওয়েল। তার মায়ের ভূমিকায় আছেন কেলি এভিস্টন-কুইনেট। আগামী ২৯ মে বিশ্বব্যাপী অ্যাপল টিভিতে মুক্তি পাবে ছবিটি।

কান উৎসবে জন ট্রাভোল্টা নতুন কেউ নন। তার অভিনীত ‘পাল্প ফিকশন’ (১৯৯৪) ও ‘শি ইজ সো লাভলি’ (১৯৯৭) মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে। এরমধ্যে কোয়েন্টিন টারান্টিনো পরিচালিত ‘পাল্প ফিকশন’ জিতেছে মর্যাদাপূর্ণ স্বর্ণ পাম। এছাড়া ‘প্রাইমারি কালারস’ (১৯৯৮) ছিল উদ্বোধনী ছবি। সর্বশেষ ২০১৮ সালে কানে নিজের ক্যারিয়ার নিয়ে আলাপচারিতায় অংশ নেন তিনি। সেই আসরে তার অভিনীত ‘গট্টি’ ছবির প্রদর্শনী হয় বাণিজ্যিক শাখায়।

বর্ণাঢ্য ক্যারিয়ারে ৭০টির বেশি ছবিতে অভিনয় করেছেন জন ট্রাভোল্টা। এ তালিকায় রয়েছে ‘স্যাটারডে নাইট ফিভার’ (১৯৭৭), ‘গ্রিজ’ (১৯৭৮), ‘ব্লো আউট’ (১৯৮১), ‘হেয়ারস্প্রে’ (২০০৭) প্রভৃতি। অস্কারে সেরা অভিনেতা বিভাগে দু’বার মনোনয়ন পেয়েছেন তিনি। গোল্ডেন গ্লোবসে তিনবার ও এমি অ্যাওয়ার্ডসে একবার পুরস্কৃত হয়েছেন এই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *