পিছিয়ে পড়া মানুষের পক্ষে জোট গঠনের উদ্যোগ

জাতীয় সংসদে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর আরও জোরালোভাবে তুলে ধরা এবং জবাবদিহি শক্তিশালী করতে সংসদীয় ককাস (পার্লামেন্টারি ককাস) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে রবিবার (১৭ মে) জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

বৈঠকে সংসদ সদস্যদের সঙ্গে নাগরিক সমাজ, বিশেষজ্ঞ ও বিভিন্ন অংশীজনের কার্যকর সংযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রস্তাবিত সংসদীয় ককাসের লক্ষ্য হবে— দারিদ্র্য, বৈষম্য ও প্রান্তিকতার কারণে উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে পড়া মানুষের পক্ষে সংসদে কার্যকর ভূমিকা রাখা, নীতিনির্ধারণ প্রক্রিয়াকে আরও অংশগ্রহণমূলক করা এবং সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করা।

আলোচনায় বক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সংসদ সদস্যদের সঙ্গে প্রথাগত কাঠামোর বাইরের বিশেষজ্ঞ ও অংশীজনদের একটি প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্র তৈরি করবে। এর মাধ্যমে নীতিনির্ধারণ প্রক্রিয়া আরও সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক হবে বলেও মত দেন তারা।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নাগরিক প্ল্যাটফর্মের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষায় কাজ করতে আগ্রহী কয়েকজন সংসদ সদস্যের নাম প্রস্তাবের বিষয়েও ইতিবাচক মত দেন তিনি।

বৈঠকে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ড. ইফতেখারুজ্জামান, সঞ্জীব দ্রং, হাসিন জাহান, জাকির হোসেন, আশরাফুন নাহার মিষ্টি এবং তারান্নুম জিনান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *