‘পূর্ণ বিজয়’ না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের আলোচনার খবর নাকচ করে দিয়ে ‘পূর্ণ বিজয়’ অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের শীর্ষ সামরিক কমান্ড। সোমবার দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ইরানের খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মেজর জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদিকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী দেশের অখণ্ডতা রক্ষায় গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণ বিজয় না আসা পর্যন্ত এই পথ চলা অব্যাহত থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে বলে দাবি করার পর ইরানের পক্ষ থেকে এই মন্তব্য এলো। যদিও ইরান শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের আলোচনার কথা অস্বীকার করে আসছে। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন।

জেনারেল আলিয়াবাদি ‘পূর্ণ বিজয়’ বলতে ঠিক কী বুঝিয়েছেন, তা স্পষ্ট করেননি। তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনও আলোচনায় কোনও ধরনের ছাড় দেওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিতেই দেশটির সামরিক বাহিনী এমন শক্ত অবস্থান নিয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, ইরানের ওপর পুনরায় কোনও হামলা চালানো হবে না, এমন নিশ্চয়তা পেলেই কেবল চলমান যুদ্ধ বন্ধ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *