প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পের টাকা ছিনতাই, ২ জন কারাগারে

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে বুকে পিস্তল ঠেকিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হকের পেট্রোল পাম্পের কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় করা অস্ত্র মামলায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া দুই আসামি হলেন—মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৪) ও মিন্টু রাড়ী (২৩)।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মহিনউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী জোনাল টিম, গোয়েন্দা লালবাগ বিভাগের উপপরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম।

আবেদনে বলা হয়, আসামিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে জব্দ করা অস্ত্র ও গুলি ব্যবহার করে ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসছিলেন। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন। প্রয়োজনে পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হবে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

গত শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রবিউল ও মিন্টুকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম এবং ছিনতাই হওয়া টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট ডিএল ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যানের চালক মো. খোরশেদকে নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন।

সকাল সাড়ে ১০টার দিকে কাভার্ডভ্যানটি ঢাকা-ময়মনসিংহ রোডের ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে থাকা ৬-৭ জন দুর্বৃত্ত গাড়িটির সামনে এসে গতিরোধ করে। এ সময় তারা আল আমিনের বুকে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিল।

দুর্বৃত্তরা আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহতও করে। এ ঘটনায় ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল করিম বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ৬-৭ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা করেন। পাশাপাশি অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে।

এদিকে, একই ঘটনায় ডাকাতির অভিযোগে বিমানবন্দর থানায় করা মামলায় গ্রেফতার সাগর বাড়ৈকে (৪১) সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *