দেশজুড়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা আনতে চালু হওয়া ‘ফুয়েল পাস’ ব্যবস্থার আওতা আরও বাড়ানো হয়েছে। এবার নতুন করে ১৯ জেলায় মোটরসাইকেলের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
সোমবার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ের ফেইসবুক পোস্টে জানানো হয়, পর্যায়ক্রমে দেশের সব জেলাতেই এই সেবা চালু করা হবে। নতুন যুক্ত হওয়া জেলাগুলো হলো— গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম।
মন্ত্রণালয় জানিয়েছে, কিউআর কোডভিত্তিক এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে জ্বালানি বিক্রি আরও স্বচ্ছ করা, নজরদারি বাড়ানো এবং অনিয়ম কমানোই মূল লক্ষ্য। ব্যবহারকারীদের মতামত, অভিযোগ ও পরামর্শ নিতে একটি অফিসিয়াল ফেইসবুক গ্রুপেও যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ঢাকায় ফুয়েল পাস কার্যক্রম শুরু হয় প্রথমে সীমিত পরিসরে গত ৯ এপ্রিল, রাজধানীর দুইটি পেট্রোল পাম্পে। এর মধ্যে ছিল তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদ গেটের সোনারবাংলা ফিলিং স্টেশন। পরবর্তীতে পাইলট কার্যক্রম ধাপে ধাপে সম্প্রসারণ করা হয় এবং ঢাকার আরও ১৮টি পাম্পকে এই ব্যবস্থার আওতায় আনা হয়। ফলে রাজধানীতে মোট ২০টি পেট্রোল পাম্পে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস কার্যক্রম চালু করা হয়।