ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিকবার যাচাইয়ের সিদ্ধান্ত

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন এবং উপকারভোগীদের কাছে কার্ড পৌঁছানো নিশ্চিত করতে একাধিকবার তদন্ত, তথ্য যাচাই ও গণশুনানির ব্যবস্থা রাখার কথা জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে উপকারভোগী নির্বাচন, তথ্য যাচাই ও অর্থ বিতরণে স্বচ্ছতা এবং জবাবদিহি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীন অধিদফতর ও সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প ও কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি, ফ্যামিলি কার্ড কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও পুনর্বাসন এবং এতিম এবং অসহায় শিশুদের সুরক্ষার বিষয়গুলো পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে কমিটির সদস্যদের সামনে তুলে ধরা হয়।

মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনা এবং পিছিয়ে থাকা প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে কমিটি।

সমাজসেবা অধিদফতরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। সেবা প্রদানে কোনও অনিয়ম বা অব্যবস্থাপনা দেখা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে কমিটি। পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যদের অবহিত করার সুপারিশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কার্যালয়ে সেবা কার্যক্রম গতিশীল করতে জনবল সংকট ও প্রশাসনিক জটিলতা চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।

বৈঠকে কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণে মন্ত্রণালয়ের মনিটরিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়। এ ছাড়া গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদফতরকে নির্দিষ্ট সময়সীমাসহ কর্মপরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। পরবর্তী বৈঠকে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করতে হবে।

বৈঠকের শুরুতে প্রথম বৈঠকের সিদ্ধান্ত কার্যকর ও বাস্তবায়ন করায় কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।

বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুন রায় চৌধুরী, মো. মুজিবুর রহমান, মো. মাজেদুর রহমান এবং মো. মোস্তাফিজুর রহমান অংশ নেন।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট দফতরগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।