বন্যার্তদের সহায়তায় জরুরি নির্দেশনা যুবদলের, মেডিক্যাল টিম গঠন

বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য সংশ্লিষ্ট জেলা ও মহানগর নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে বন্যার্তদের চিকিৎসাসেবা দিতে একটি মেডিক্যাল টিমও গঠন করেছে সংগঠনটি।

শুক্রবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নির্দেশনা দেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন।

বিবৃতিতে নেতারা বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিবন্দি মানুষ ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।

নির্দেশনায় বলা হয়, স্থানীয় বিএনপির সঙ্গে সমন্বয় করে নিজ নিজ এলাকায় উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশুখাদ্য, ওষুধ, স্যালাইন ও স্যানিটারি সামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সংগ্রহ ও বিতরণের উদ্যোগ নিতে হবে। শিশু, নারী, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

এতে আরও বলা হয়, প্রয়োজন হলে কেন্দ্রীয়ভাবে গঠিত মেডিক্যাল টিমের সদস্যদের কাছ থেকে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা বিষয়ে পরামর্শ নিতে হবে। বিশেষ পরিস্থিতিতে মেডিক্যাল টিমের সদস্যদের দুর্গত এলাকায় পাঠাতে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিত করতে হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা, নিরাপদ পানির ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করতে হবে।

নির্দেশনায় নেতাকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, মানবিক সহায়তা কার্যক্রমে শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণ বজায় রাখা এবং দুর্গত মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে পরিচালিত কার্যক্রমের সংক্ষিপ্ত প্রতিবেদন, ছবি ও তথ্য যথাসময়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে পাঠাতে বলা হয়েছে।

এছাড়া দলীয় আদর্শের পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের দুর্ভোগ লাঘবে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

মেডিক্যাল টিম

যুবদলের গঠিত মেডিক্যাল টিমের সভাপতি করা হয়েছে কেন্দ্রীয় সহসভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলামকে। সমন্বয়কের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান। সদস্য হিসেবে আছেন স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন এবং ডা. আল মামুন হাসান খান এমিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *