বালকদের ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজশাহী, বালিকাদের ঢাকা

নতুন কুঁড়ি স্পোর্টস এর ক্রিকেট ইভেন্টের প্রথম আসরে বালক বিভাগে রংপুর অঞ্চলকে বৃষ্টি আইনে ১৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী অঞ্চল। বালিকা বিভাগে একই ব্যবধানে ময়মনসিংহকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা অঞ্চল।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রানের বড় সংগ্রহ গড়ে রাজশাহীর ছেলেরা। এই রান-পাহাড়ের নেপথ্যে ম্যাচসেরা মোহাম্মদ শারাফাত সাদিদ। মাত্র ২৬ বলে ৫টি চার আর ৮টি ছক্কায় অপরাজিত ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রংপুর । মাঝপথে বৃষ্টি হানা দিলে খেলা নেমে আসে ৩ ওভারে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে লক্ষ্য দাঁড়ায় ৪৭ রান। সেই লক্ষ্য ছুঁতে পারেনি রংপুর। ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রানে থামে তারা।  শেষ পর্যন্ত ১৯ রানের জয়ে  শিরোপা নিশ্চিত করে রাজশাহী।

বৃষ্টির কারণে বালিকা বিভাগের ফাইনাল হয় ৫ ওভারে। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা। শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। ইনিংসের তৃতীয় বলে রওনক জাহান নওশিন এবং এরপর উইকেটকিপার আফরোজা জাহান মিম- এ দুজনকে ফেরান নুসরাত জাহান জুথি। এরপর হাল ধরেন অধিনায়ক আফনান জামান আথাই। ১১ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ২৩ রানের ইনিংস খেলেন। তার এ ইনিংসে ভর করে ৪ উইকেটে ৪৮ রানের পুঁজি পায় ঢাকা।

জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ময়মনসিংহ। ইনিংসের পঞ্চম বলে অধিনায়ক নাদিয়া আক্তারকে বোল্ড করেন রিয়া। তৃতীয় ওভারে সাদিয়া আফরিন জান্নাতকেও ফেরান তিনি। মাঝে পরপর তিন রানআউটে ভেঙে পড়ে  ময়মনসিংহের ব্যাটিং লাইনআপ। এক পর্যায়ে ২০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। এরপর আর ঘুঁড়ে দাঁড়াতে পারেনি ময়মনসিংহ। ৬ উইকেটে ২৯ রান তোলে থামে তাদের ইনিংস।

২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রিয়া মনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *