বিএসএফের ‘পুশইন’ সীমান্তে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের পশ্চিমাংশের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশইন’ তৎপরতায় সীমান্তে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বুধবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘‘বিএসএফ শিশু-নারীসহ কয়েকশ মানুষকে বলপ্রয়োগ করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে চরম অমানবিক পরিস্থিতি তৈরি করেছে। এই মানুষদের একটা অংশকে তারা সীমান্তের শূন্যরেখায় ঠেলে দিয়েছে। খাদ্য, পানীয় ও চিকিৎসা না পেয়ে এদের কারও কারও জীবনাশঙ্কা দেখা দিয়েছে।’’

কয়েকশ মানুষকে বাংলাদেশে পুশইন করার তৎপরতায় অসন্তোষ ও নিন্দা জানিয়ে সাইফুল হক বলেন, ‘‘পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠিত হওয়ার পর ভারতের বাংলাদেশবিরোধী তৎপরতায় নতুন মাত্রা নিয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।’’

সীমান্তের মানুষের মধ্যে গভীর নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে দাবি করে তিনি বলেন, ‘‘বিএসএফের এসব তৎপরতা তাদের বাংলাদেশ-বিদ্বেষী আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ।’’

সাইফুল হক বলেন, ‘‘উভয় দেশে অবস্থানরত বৈধ নাগরিকদেরকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবার বৈধ প্রক্রিয়া রয়েছে। আইনগত প্রক্রিয়া বাদ দিয়ে জবরদস্তি করে পুশইন করা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এটা আন্তর্জাতিক আইনেরও গুরুতর লঙ্ঘন। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতের পুশইন ও সীমান্ত-হত্যা বন্ধ করতে হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *