বিজয়ের পার্টি অফিসে ফোনের বন্যা, সবার এক প্রশ্ন, ‘শপথ কবে?’

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে নজরকাড়া সাফল্যের পর চেন্নাইয়ের পানাইয়ুরে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের দল টিভিকে-র প্রধান কার্যালয় এখন সরগরম। নবনির্বাচিত বিধায়কদের ফোনের রিংটোন যেন থামছেই না। বন্ধু-বান্ধব আর শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন বার্তার ভিড়ে একটি প্রশ্নই বারবার ধেয়ে আসছে, ‘সরকার গঠন হচ্ছে কবে?’

২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় এবার ১০৮টি আসন জিতে তাক লাগিয়ে দিয়েছে বিজয়ের দুই বছরের পুরোনো এই দল। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টির চেয়ে তারা এখনও ১০টি আসন পিছিয়ে।

বিজয় কবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, সেই দিনক্ষণ এখনও চূড়ান্ত না হওয়ায় কিছুটা বিপাকে নতুন বিধায়করা। এক বিধায়ক আক্ষেপ করে বলেন, ‘ফোন আসতেছেই। কিন্তু আমরা কাউকে শপথের তারিখ বলতে পারছি না। বিষয়টা বেশ কঠিন।’

চেন্নাইয়ের আইটি করিডরের কাছে মহাবলীপুরমের রিসোর্টগুলোতে সাময়িকভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে বিধায়কদের। দিনের বেলা দলীয় কার্যালয়ে সময় কাটিয়ে রাতে অনেকে সেখানেই ফিরে যান। তবে রিসোর্টে থাকা বাধ্যতামূলক নয় বলে জানান এক বিধায়ক। তিনি বলেন, ‘দল আমাদের বিশ্বাস করে। আমরা দলবদল করব না, এ বিষয়ে তারা নিশ্চিত।’

টিভিকে-র নতুন এই অফিস ভবনটিও এখনও পুরোপুরি গুছিয়ে ওঠা হয়নি। প্রথাগত রাজনৈতিক কার্যালয়ের মতো এখানে সব সুযোগ-সুবিধা নেই, কেবল দুটি বড় হলরুম আছে। নবনির্বাচিত বিধায়কদের অধিকাংশই এবারই প্রথম বিধানসভায় পা রাখছেন। তাদের অনেকেরই রাজনৈতিক জীবন শুরু হয়েছিল তৃণমূল পর্যায়ের কর্মী হিসেবে। ফলে অফিসের সাধারণ পরিবেশে মানিয়ে নিতে তাদের কষ্ট হচ্ছে না।

চেন্নাইয়ের তীব্র গরম থেকে বাঁচতে পানি আর হালকা খাবারের ওপরই নির্ভর করতে হচ্ছে তাদের। এক বিধায়ক হাসিমুখে বলেন, ‘খাবারের নির্দিষ্ট কোনও মেনু নেই। তবে আমরা মানিয়ে নিচ্ছি। এটা তো মাত্র কয়েক দিনের ব্যাপার, তাই না?’

নির্বাচনে বড় চমক দেখালেও ম্যাজিক ফিগার থেকে ১০ আসন দূরে থাকায় সরকার গঠন নিয়ে এক ধরনের অপেক্ষা চলছে। এরই মধ্যে ৫ আসনের কংগ্রেস বিজয়ের দলকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এতে সংখ্যাটি ১১৩-তে পৌঁছালেও এখনও ৫টি আসন কম রয়েছে।

অফিসের ভেতর কী হচ্ছে, তা নিয়ে বাইরের মানুষের আগ্রহের শেষ নেই। কিন্তু ভেতরের চিত্রটা একেবারেই সাধারণ। এক বিধায়কের কথায়, ‘সবাই জানতে চায় ভেতরে কী ঘটছে। আসলে আমরা কেবল বসে আছি এবং একটা ফোনের অপেক্ষা করছি—কবে আমাদের শপথের ডাক আসবে।’

জোট গঠন নিয়ে বিভিন্ন জল্পনা থাকলেও টিভিকে শিবিরে আত্মবিশ্বাসের অভাব নেই। এক বিধায়ক দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমরা মোটেও চিন্তিত নই। জেতার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। আমাদের বিশ্বাস, আমরাই সরকার গড়ব।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *