বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সময় আতশবাজি বিস্ফোরণ, দগ্ধ ৪

রাজধানীর মিরপুরের পল্লবীর সিটি ক্লাব এলাকায় বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-স্পেনের ম্যাচ চলাকালে আতশবাজি বিস্ফোরণে চার যুবক দগ্ধ হয়েছেন।

দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন— মো. সাকিব (২১), রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)।

রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে রাত ৩টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধ সাকিব মিরপুরের বিইউবিটির অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি মিরপুর ১২ নম্বর এলাকার শহিদুল ইসলামের ছেলে। তাহসিন, সজীব ও রিফাতের বাসাও একই এলাকায়।

সোমবার (২০ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড. শাওন বিন রহমান জানান, মিরপুর থেকে আতশবাজির বিস্ফোরণে চার যুবককে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে তিন জনের দগ্ধের পরিমাণ কম হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর আহত সাকিব নামের একজনকে ভর্তি রাখা হয়েছে, তার দুই পা দগ্ধ হয়েছে।

তাদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. আরাফাত জানান, রাতে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে মিরপুরের সিটি ক্লাব এলাকায় তারা আতশবাজি ফাটাচ্ছিল। হঠাৎ বিস্ফোরণে আগুনে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্নে নেওয়া হলে তাহসিন, সজীব ও রিফাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং সাকিবকে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *