বিশ্বকাপে যেতে পারেনি ইতালি, ফুটবল প্রধানের পদত্যাগ

বিশ্বকাপ ব্যর্থতায় শেষ পর্যন্ত পদত্যাগের পথেই হেঁটেছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশন প্রধান গ্যাব্রিয়েলে গ্রাভিনা।

আজ্জুরিরা টানা তৃতীয়বার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে। তার পর থেকেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন গ্রাভিনা। ইতালির ছিটকে যাওয়ার পর গ্রাভিনা ও ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ জানাতে রোমে ফেডারেশনের সদর দপ্তরে ডিম নিক্ষেপ করেছেন কিছু সমর্থক।

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে প্লে-অফে পেনাল্টিতে ইতালির পরাজয়ের পরই ফুটবল ফেডারেশনের দায়িত্ব থেকে এই কর্তাকে দেশটির সরকারের পক্ষ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। এখন ফেডারেশন ২২ জুন জরুরি এক সভা ডেকে নতুন ফুটবল প্রধান বেছে নেবে।

২০১৮ সালের শেষ দিকে ইতালির ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেন গ্রাভিনা। এর আগে সুইডেনের বিপক্ষে বিশ্বকাপ প্লে-অফে ইতালির ব্যর্থতার পর কার্লো তাভেক্কিও পদ ছাড়েন।

পদত্যাগ করলেও গ্রাভিনা একটি সংসদীয় কমিটির মুখোমুখি হয়ে ইতালিয়ান ফুটবলের বর্তমান চিত্র নিয়ে একটি প্রতিবেদন জমা দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *