বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে। শিক্ষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।’

এসএসসির খাতা মূল্যায়নে অবহেলা পেলে ব্যবস্থা

এ বছরের এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষকদের দায়িত্বশীলতা ও মান বজায় রাখার আহ্বান জানান।

১ অক্টোবর পর্যন্ত চলবে প্রাথমিক শিক্ষক নিয়োগের যাচাই

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘নিয়োগপত্র নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। নিয়োগপ্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে মন্ত্রণালয় কাজ করছে।’

তিনি বলেন, ‘নিয়োগপত্র ইস্যুর ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের কারণে কিছুটা সময় লাগছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত যাচাই-বাছাই কার্যক্রম চলবে।’ এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে বিভ্রান্ত না হতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ও রকিবুল ইসলাম বকুল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *