বুড়িগঙ্গা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী দ্বীপ মজুমদারের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রবিবার (১৪ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন দ্বীপ।

ঢাকার নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন। তারা পুলিশকে জানিয়েছেন, শুক্রবার (১২ জুন) থেকে দ্বীপ নিখোঁজ ছিলেন। মরদেহের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ও পরীক্ষার প্রবেশপত্রসহ কিছু কাগজ-পত্র পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, দ্বীপের পরিবার রাজধানীর ফার্মগেট এলাকায় থাকে। শুক্রবার জুমার নামাজের আগে বাসা থেকে বের হয়ে নিখাঁজ হন দ্বীপ। কী কারণে বের হয়েছিলেন, সে বিষয়ে কোনও তথ্য পরিবারের কাছ থেকে পাওয়া যায়নি। তবে দ্বীপ সাঁতার জানতো না বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *