বেনাপোল দিয়ে তিন দিন চলাচল সীমিত, ফিরে গেছেন ৩০০ যাত্রী

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে তিন দিন পাসপোর্টধারী যাত্রী চলাচল সীমিত করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন। শুধু অ্যাম্বুলেন্সে বহনকারী মুমূর্ষ রোগী ভারতে যেতে পারবেন। এ জন্য সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত আনুমানিক তিনশ পাসপোর্ট যাত্রী ভারতে যেতে না পেরে ফিরে গেছেন।

জানা গেছে, আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনায় ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সীমান্ত দিয়ে সব ধরনের পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ রাখা হবে। এই সময়ে মানুষ ও যানবাহনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ফলে বেনাপোলসহ সংশ্লিষ্ট সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে জরুরি চিকিৎসা, ভোটারদের ভোটদানের উদ্দেশ্যে যাতায়াত এবং পচনশীল পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে কিছু ছাড় রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, সীমান্ত বন্ধের ঘোষণায় যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, এতে আমদানি-রফতানি কার্যক্রমে সাময়িক প্রভাব পড়তে পারে এবং পণ্য খালাসে বিলম্ব হতে পারে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি এস এম সাখাওয়াত হোসেন জানান, বিশেষ অনুমোদন সাপেক্ষে জরুরি ক্ষেত্রে সীমিত পরিসরে পাসপোর্টযাত্রী পারাপারের সুযোগ রাখা হতে পারে। ভারতীয় কর্তৃপক্ষ সবাইকে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। অ্যাম্বুলেন্সে বহনকারী মুমূর্ষ রোগী যাতায়াতে কোনও বাধা নেই। দেশের অধিকাংশ পাসপোর্টধারী যাত্রীরা এ নিষেধাজ্ঞা না জানা থাকায় কিছুটা সমস্যায় পড়েছেন। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আনুমানিক ৩শ যাত্রী ভারতে যেতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *