ব্যাংককের গরমে ঋতুপর্ণাদের ভারত প্রস্তুতি

থাইল্যান্ডের ব্যাংককে গরমে প্রস্তুতি নিচ্ছেন ঋতুপর্ণা-শিউলিরা। ভারতের গোয়ায় এ মাসের শেষ দিকে গরমের মধ্যেই সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে হবে। ব্যাংককে এমন গরম আবহাওয়ায় প্রস্তুতি ভারতে কাজে লাগবে বলে পিটার বাটলারের দলের খেলোয়াড়দের বিশ্বাস।

গোয়াতে মালদ্বীপের বিপক্ষে ২৫ মে’র ম্যাচ দিয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন শুরু করবে বাংলাদেশ। ৩১ মে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাটলারের দল।

ব্যাংককের অ্যালপাইন ট্রেনিং গ্রাউন্ডে  অনুশীলনের ফাঁকে  প্রস্তুতি ভালো হওয়ায় কোনও চাপ অনুভব করছেন না শিউলি আজিম। যদিও দুটি সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী এই ডিফেন্ডার মনে করেন, শিরোপা ধরে রাখা কঠিন হবে।

ব্যাংককের গরম নিয়ে শিউলি বলেছেন, ‘সব মিলিয়ে ভালো ট্রেনিং হচ্ছে, আর এখানকার আবহাওয়া অনেক গরম, তাপমাত্রা বেশি। মেয়েরা চেষ্টা করছে মানিয়ে নিতে এবং সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি ভালোই যাচ্ছে। আশা করি, আমাদের বাকি যে কয়টা দিন আছে, সেগুলো ভালোভাবে শেষ করতে পারবো।’

এরপরই  ভারতের আবহাওয়া নিয়ে যোগ করলেন, ‘ভারতেও আমাদের অনেক গরমের মধ্যে খেলতে হবে। তো এখানে এসে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছি। এটা আমাদের ভারতের সাফে অনেক উপকারে আসবে। সব মিলিয়ে আমরা কঠোর পরিশ্রম করছি। রিকভারিও হচ্ছে ঠিকমতো, খাওয়া-দাওয়া সবকিছুই ভালো যাচ্ছে।’

হ্যাট্রট্রিক শিরোপা  ধরে রাখার অভিযানে ভালো করার আশাবাদও এই অভিজ্ঞ ডিফেন্ডার জানিয়েছেন আত্মবিশ্বাসী কণ্ঠে। বলেন, ‘কোচ আমাদের পজিশনিং মেইনটেইন নিয়ে বেশি কাজ করছেন। আমরা আশা করি, পরের (প্রস্তুতি) ম্যাচে কাজটা করতে পারব ভালো করে। (সাফ নিয়ে) তেমন চাপের কিছু নেই। যেহেতু আমরা শিরোপা ধরে রাখতে যাচ্ছি, একটু তো কঠিন হবেই। তারপরও আমাদের অনেক তরুণ খেলোয়াড় এখন দলে আছে। আশা করি, ভালো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *