শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিওকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে তাইজুল ইসলাম নামে এক জামায়াত নেতার বসতঘর ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ স্থানীয় লোকজন।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকশ নারী-পুরুষ একত্রিত হয়ে তাইজুল ইসলামের বসতঘরে ভাঙচুর চালান।
তাইজুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিলখী ইউনিয়ন শাখার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তাঁকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে রোববার সকালে তাঁর বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে গত ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁর বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারী তাঁর স্ত্রী বলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দাবি করেছেন তাইজুল ইসলাম।
বসতঘর ভাঙচুরের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “খবর পেয়ে নিলখী পুলিশ ফাঁড়ির টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”