শিবচর উপজেলা প্রতিনিধি (মাদারীপুর):
মাদারীপুরের শিবচরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় রিজু মিয়া (৩৮) নামে এক রাজমিস্ত্রিকে পথরোধ করে মারধর, নগদ ৫১ হাজার ৩০০ টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিজু মিয়া শিবচর উপজেলার নিলক্ষী ইউনিয়নের বড় নিলক্ষী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার যাদুয়ার চর গ্রামের আপন সরদার, ইমন সরদারসহ কয়েকজন ব্যক্তি এলাকায় মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ১২ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে যাদুয়ার চর এলাকার একটি ব্রিজের সামনে পৌঁছালে অভিযুক্তরা তাঁর পথরোধ করে। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করা হয়।
ভুক্তভোগীর দাবি, মারধরের একপর্যায়ে তাঁর কাছে থাকা মিস্ত্রিদের বেতন দেওয়ার জন্য রাখা নগদ ৫১ হাজার ৩০০ টাকা এবং হাতে থাকা চার আনা ওজনের একটি স্বর্ণের আংটি, যার আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা, ছিনিয়ে নেয় অভিযুক্তরা। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।
এ বিষয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।