মাদারীপুরে আসামিবাহী পুলিশের পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে আসামি বহনকারী পুলিশের পিকআপ ভ্যান উল্টে আব্দুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার আসামি, চার পুলিশ সদস্য ও দুই পথচারীসহ মোট ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম শিবচর উপজেলার ভদ্রাসন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
আহতরা হলেন—সদর উপজেলার পখিরা গ্রামের ইব্রাহিম সরদার ও তার মেয়ে ইলমা, শিবচরের ভান্ডারিকান্দি গ্রামের রেজ্জেক চোকদারের ছেলে সুলতান চোকদার, একই গ্রামের রুবেল চোকদার এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আব্দুল হালিমের ছেলে নুরুজ্জামান। আহত পুলিশ সদস্যরা হলেন পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক, পুলিশ সদস্য শরিফুল ইসলাম, সোহেল, হাসান ও শামীম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিবচর থানায় দায়ের করা একটি ফৌজদারি মামলায় শহরের ইটেরপুল এলাকা থেকে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযান শেষে আসামিদের নিয়ে শিবচর থানার দিকে ফিরছিল পুলিশের পিকআপটি।
পিকআপটি সদর উপজেলার পখিরা এলাকায় পৌঁছালে সড়ক পার হওয়ার সময় এক শিশু ও তার বাবাকে দেখতে পায়। তাদের বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির পিকআপটি সড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই পুলিশ সদস্য আব্দুস সালাম নিহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। মূলত সড়ক পার হওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *