মাদারীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে যৌতুকের দাবিতে সুমি আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

নিহত সুমি আক্তার মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব দর্শনা গ্রামের চান্দু মোল্লার মেয়ে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সুমির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল তার শ্বশুরবাড়ির লোকজন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে উত্তর ঝিকরহাটি গ্রামে নিজ শ্বশুরবাড়িতে তার রহস্যজনক মৃত্যু হয়। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত স্বামী আকবর হাওলাদারসহ পরিবারের অন্য সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। নিহত পরিবারের অভিযোগ, যৌতুকের দাবি পূরণ না করায় সুমিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

পুলিশের তদন্তের সময়।

খবর পেয়ে মাদারীপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনার পর থেকে নিহতের পরিবার ও এলাকাবাসী অভিযুক্ত আকবর হাওলাদারসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *