মিরপুর বিআরটিএ কার্যালয় থেকে দুই দালাল আটক, একমাসের কারাদণ্ড

রাজধানীর কাফরুল বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি করার অভিযোগে দালাল চক্রের দুই সদস্যকে আটক করেছেন আনসার সদস্যরা। আটকরা হলেন- রানা (৩৬) ও কবির হোসেন (৪৭)।

বুধবার (২৪ জুন) দুপুরে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আনসার বাহিনী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি সেবা খাতের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই অভিযান চালানো হয়। দুপুর দেড়টার দিকে কাফরুল বিআরটিএতে লাইসেন্স ও ফিটনেসসহ বিভিন্ন কাজের জন্য আসা সাধারণ গ্রাহকদের লক্ষ্য করে তৎপরতা চালাচ্ছিল চক্রটি। দ্রুত কাজ করিয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দেওয়া এবং দালালি বাবদ সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল।

সন্দেহজনক আচরণের কারণে আনসার গার্ডের সদস্যরা রানা ও কবির হোসেনকে নজরদারিতে রাখেন। পরে টাকা লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণসহ তাদের হাতেনাতে ধরে ফেলেন।

আটকের পরপরই সেখানে নিয়োজিত বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অপরাধ স্বীকার ও প্রমাণের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট আটক দুই দালালকে এক মাস করে কারাদণ্ডাদেশ দেন।

সাজা ঘোষণার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে এবং কারাগারে পাঠানোর জন্য তাদের কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *