মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নয়াপল্টনে দলেন কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন প্রস্তুতি কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান জানান, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন।

তিনি বলেন, “শ্রমিকদের মজুরি কর্মক্ষেত্রের স্বাস্থ্য, নিরাপত্তা ও জীবন-জীবিকার নিশ্চয়তাসহ বিভিন্ন দাবি এখনও বহাল রয়েছে। এসব দাবি আদায়ে শ্রমিক দল আন্দোলন চালিয়ে যাবে। বিএনপি ক্ষমতায় থাকলেও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আরও উদ্যোগ প্রয়োজন।”

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *