‘রংপুরে নতুন কোনও সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট হচ্ছে না’

রংপুর-৪ আসনের কাউনিয়া বা পীরগাছায় নতুন সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের কোনও প্রস্তাব বর্তমানে সরকারের বিবেচনাধীন নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের লিখিত প্রশ্নের জবাব দেন তিনি।

সংসদ সদস্য আখতার হোসেন তার প্রশ্নে রংপুর-৪ আসনের কাউনিয়া ও পীরগাছার বিপুল সংখ্যক বেকার যুবককে বস্ত্রকল ও তৈরি পোশাক শিল্পে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কাউনিয়া বা পীরগাছায় সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের কোনও প্রস্তাব সরকারের বিবেচনায় আছে কিনা জানতে চান।

জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর সদরে একটি টেক্সটাইল ইনস্টিটিউট এবং একটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট (টিভিআই) রয়েছে।

তিনি জানান, বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশেষ করে টিভিআইয়ে নির্ধারিত আসনসংখ্যার তুলনায় বর্তমানে শিক্ষার্থী ভর্তির হার প্রত্যাশিত পর্যায়ে নেই। এ কারণে নতুন প্রতিষ্ঠান স্থাপনের পরিবর্তে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর আসন সক্ষমতার সর্বোত্তম ব্যবহার, শিক্ষার্থীদের ভর্তি ও প্রশিক্ষণে আগ্রহ বৃদ্ধি এবং শিল্পের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর সরকার অধিক গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী বলেন, এমতাবস্থায়, রংপুর-৪ নির্বাচনি এলাকার কাউনিয়া বা পীরগাছা উপজেলায় নতুন সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের কোনও প্রস্তাব বর্তমানে সরকারের বিবেচনাধীন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *