লঞ্চ নিয়ে যাত্রীদের যে পরামর্শ দিলেন নৌ প্রতিমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি শুরু হয়েছে। ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষেরা। এমন পরিস্থিতিতে চাপ বাড়ে লঞ্চে। এবার লঞ্চ নিয়ে যাত্রীদের পরামর্শ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। অতিরিক্ত যাত্রী লঞ্চে না উঠার কথা বলেছেন তিনি।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে নৌ প্রতিমন্ত্রী এই পরামর্শ দেন। এ সময় তিনি একাধিক লঞ্চ ঘুরে দেখেন এবং যাত্রীসেবা, নিরাপত্তা ও সরকার নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করেন।

রাজিব আহসান বলেন, “নিরাপদ ঈদযাত্রা আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা যাত্রীদের বলছি, আপনারা অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠবেন না। সরকারের যে নির্দেশনা রয়েছে সেগুলো মেনে চলুন।”

তিনি বলেন, “পরিকল্পনামাফিক ঈদযাত্রা শুরু হয়েছে। আশা করছি, সুষ্ঠুভাবে ও নিরাপদে মানুষদের তাদের ঘরে পৌঁছে দিতে পারবো এবং ছুটি শেষে আবার ফিরিয়ে আনতে পারবো। এটি একটি উৎসব, তাই যাত্রীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।”

সদরঘাট টার্মিনালকে আরও যাত্রীবান্ধব করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। অতীতে টার্মিনালে হকারদের কারণে যাত্রীদের ভোগান্তির কথা উল্লেখ করে রাজিব আহসান বলেন, “এই টার্মিনালে বিগত বছরগুলোতে হকার বসতো। যাত্রীদের সুবিধার্থে এখন হকারদের বসতে দেওয়া হয় না। সদরঘাট টার্মিনালকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুপরিকল্পিত রূপ দেওয়া হয়েছে। হকারদের বিকল্প জায়গায় পুনর্বাসন করা হয়েছে।”

নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই বলেও দাবি করেন নৌ প্রতিমন্ত্রী। তিনি বলেন, “সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ কম ভাড়া নেওয়া হচ্ছে। প্রতিটি লঞ্চে ডিজিটাল ডিসপ্লে দেওয়া হয়েছে, সেখানে ভাড়ার তালিকা উল্লেখ আছে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ এখন পর্যন্ত কেউ করেনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *