লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে হামলা, গ্রেপ্তার ছয়জন

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে অধিকতর তদন্তের স্বার্থে গ্রেপ্তার ছয়জনকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে কি না, সে বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ ব্যবস্থাপক ন্যান্সি বাউহার্স্ট এক ই-মেইলের জবাবে এ তথ্য জানিয়েছেন।

সংঘর্ষে আহত তিনজন, হাসপাতালে ভর্তি

গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার হাই রোডে অবস্থিত মে ফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে গাছের ডাল দিয়ে এনসিপির নেতাকর্মীদের মারধরের অভিযোগ ওঠে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, ঘটনার দিন রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোডে বিশৃঙ্খলার খবর পায় তারা। সেখানে প্রায় ৫০ জন পুরুষ জড়ো হয়েছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন সহিংসতায় জড়িয়ে পড়েন, বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন এবং সম্পত্তির ক্ষতি করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।

এ ঘটনায় আহত তিনজনকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁদের কারও আঘাত গুরুতর ছিল না।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গ্রেপ্তার

পুলিশ আরও জানায়, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ব্যাপকভাবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্ত চালানো হয়। এর ধারাবাহিকতায় ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

যুক্তরাজ্যের ১৯৮৬ সালের জনশৃঙ্খলা আইনের (পাবলিক অর্ডার অ্যাক্ট) ২ নম্বর ধারায় সহিংস বিশৃঙ্খলায় জড়িত থাকার সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এদিকে, এ ঘটনায় এনসিপির কোনো নেতাকর্মী গ্রেপ্তার হননি বলে দাবি করেছে দলটি। অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইন অ্যাকটিভিস্ট সুশান্ত দাস জানিয়েছেন, তাঁদের ছয়-সাতজনকে পুলিশ ফোন করে থানায় যেতে বলেছিল। তিনি শুক্রবার বেলা তিনটায় পুলিশ স্টেশনে গিয়ে সাক্ষাৎকার দেন এবং রাত ১০টায় ছাড়া পান। অন্যদেরও পুলিশ ছেড়ে দিয়েছে বলে তিনি শুনেছেন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে সহায়ক হতে পারে এমন সিসিটিভি ক্যামেরা বা গাড়ির ড্যাশক্যামের ফুটেজ কারও কাছে থাকলে ১০১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।