লন্ডনে সপ্তাহব্যাপী ২৭তম রেইনবো চলচ্চিত্র উৎসব

শুরু হতে যাচ্ছে ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১৭-২৩ মে শনিবার পর্যন্ত উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ব লন্ডনের ঐতিহাসিক জেনেসিস সিনেমা হলে।

রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে এবারের উৎসবে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া এবং ইরানসহ মোট ১০টি দেশের ৪০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘আগন্তুক’, যার প্রদর্শনী হবে ১৭ মে দুপুর ১২টায়. অন্যদিকে, ২৩ মে শনিবার সন্ধ্যা ৬টায় ভারতের চলচ্চিত্র ‘স্বার্থপর’ (Sharthopor) প্রদর্শনের মাধ্যমে সপ্তাহব্যাপী এই জাঁকজমকপূর্ণ আয়োজনের সমাপ্তি ঘটবে।

উৎসবে ‘আগন্তুক’ ছাড়াও প্রদর্শিত হবে বাংলাদেশের আরও পাঁচটি চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো হলো— ‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘নয়া নোট’, ‘দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল’ এবং ‘পাথর হওয়ার গল্প’।

উৎসবটি প্রসঙ্গে রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমাদ মুজতবা জামাল বাংলাট্রিবিউনকে বলেন, “অনেকদিন ধরেই এ উৎসবটি আয়োজিত হচ্ছে। আশা করছি এবারও সফল হবে। তবে, স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে আহ্বান জানাবো, উৎসবটিকে সফল করতে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে। তাহলে দেশের চলচ্চিত্রগুলা যেমন উৎসাহিত হবে, উৎসবটিও সফল হবে।”

naya manush

উৎসবে অংশগ্রহণ করছে বাংলাদেশের চলচ্চিত্র ‘নয়া মানুষ’। চলচ্চিত্রটির নির্মাতা সোহেল রানা বয়াতি বাংলাট্রিবিউনকে বলেন, “বাংলাদেশের চলচ্চিত্র যখন কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে তখন একজন চলচ্চিত্র কর্মী হিসেবে গর্ব করি. ‘নয়া মানুষ’ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয় এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই চলচ্চিত্র এক ধরনের প্রতিবাদ”।

আন্তর্জাতিক অঙ্গনের অন্যান্য চলচ্চিত্রের মধ্যে ইরানের ‘দে লাভড মি’, রাশিয়ার ‘দ্য মিস্ট্রি অফ ব্ল্যাক হ্যান্ড’, ভারতের ‘যত কাণ্ড কলকাতাতেই’ ও ‘গৃহ প্রবেশ’, চীনের ‘দ্য শোর অফ লাইফ’ এবং দক্ষিণ কোরিয়ার ‘ড্রেইনড বাই ড্রিম’ প্রদর্শিত হবে। এ ছাড়াও তালিকায় রয়েছে ফিলিপাইনের ‘রেপুব্লিকা এনজি পিলিপিলিপিনাস’ এবং তাজাকিস্তানের ‘মোহি দার’ সহ আরও বেশ কিছু প্রশংসিত সিনেমা।

সমাপনী অনুষ্ঠান ছাড়া জেনেসিস সিনেমা হলের বাকি সকল প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *