সিলেট চট্টগ্রাম ও ঢাকা রেলপথে মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর উদ্ধার শেষে সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকাল সাড়ে ৪টা দিকে মৌলভীবাজারের লাউয়াছড়া বনের ভেতরে এ ঘটনা ঘটে। রাত ৮টা ৫৫ মিনিটে বগি উদ্ধার করে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াাগনের খালি একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান দিয়ে ট্রেনটি উদ্ধার করা হয়। রাত ৮টা ৫৫ মিনিটে সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শ্রীমঙ্গল স্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার শেষে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুট সচল করা হয়েছে।