লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান এলাকায় লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিয়েছে। এতে ট্রাক্টরটি ভেঙেচুরে গেছে এবং চালক আব্দুল কাইয়ুম টিটু (৩২) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টা ১৫ মিনিটের দিকে উপজেলার ভাড়াউড়া চা বাগানের ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে দায়িত্বপ্রাপ্ত গেটম্যানকে খুঁজে পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, তার কক্ষেও তালা ঝুলতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ইস্পাহানি টি কোম্পানির জেরিন চা বাগানের শ্রমিকদের আনার জন্য ট্রাক্টর নিয়ে ভাড়াউড়া এলাকায় যাচ্ছিলেন চালক আব্দুল কাইয়ুম টিটু। রেলক্রসিং পার হওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ট্রেন ‘কালনী এক্সপ্রেস’ দ্রুতগতিতে এসে ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায়। তবে শেষ মুহূর্তে গাড়ি থেকে লাফিয়ে পড়ায় প্রাণে বেঁচে যান চালক।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চা বাগানের হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত গেটম্যান যথাসময়ে উপস্থিত থাকলে এবং ব্যারিয়ার নামিয়ে দিলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। ঘটনার পরও গেটম্যানের কক্ষ তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

এ ব্যাপারে ইস্পাহানী জেরিন চা বাগানের উপ মহা ব্যবস্থাপক সেলিম রেজা জানান, প্রতিদিনের মতো শ্রমিক আনতে ট্রাক্টরটি বাগানে যাচ্ছিল। কিন্তু রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত গেটম্যান উপস্থিত না থাকায় গেট নামানো হয়নি। এর ফলেই এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় থানা পুলিশকে জানানো হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন সোমবার বিকালে বলেন, ‘সকালে কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুনেছি গেটম্যান অনুপস্থিত ছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গেটম্যানকে সাসপেন্ড করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *