শিবচরে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে হেলেন জেরিন খানের মতবিনিময়।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের ময়নাকাটা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভায় বিশেষ গুরুত্ব পায় বিদ্যুৎ সরবরাহ ও বিদ্যুৎ ঘাটতির বিষয়টি। বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির প্রতি গুরুত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে। জনকল্যাণ ও দেশের উন্নয়নে সরকারের চলমান কার্যক্রম আরও গতিশীল করতে মাঠপর্যায়ে কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *