শিবচরে জমি নিয়ে সংঘর্ষ, হাতবোমা নিক্ষেপের অভিযোগ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হাতবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভদ্রাসন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহাবুব খান ও ফিরোজা সরদারের পক্ষের লোকজনের মধ্যে পৈতৃক ও ক্রয়কৃত জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে।
মাহাবুব খান অভিযোগ করে বলেন, তাঁর পৈতৃক সম্পত্তি ফিরোজা সরদারের পক্ষের লোকজন দখল করতে এলে তাঁরা বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁদের সীমানাপ্রাচীর ভেঙে ফেলেন।
অন্যদিকে ফিরোজা সরদার অভিযোগ করেন, মাহাবুব খান তাঁদের জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন। রোববার তাঁরা জমিতে গেলে মাহাবুব খানের লোকজন তাঁদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ভদ্রাসন পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *