শিবচরে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
প্লাস্টিক দূষণ রোধ, পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীর বেড়িবাঁধ এলাকায় সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি অ্যান্ড হিউম্যানিটি (দেশ)। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।
কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর বেড়িবাঁধ এলাকায় দর্শনার্থীদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল, পলিথিন ও খাবারের প্যাকেটসহ বিভিন্ন ধরনের বর্জ্য পরিবেশ দূষিত করছে। এসব অপচনশীল বর্জ্য নদী ও জীববৈচিত্র্যের জন্য হুমকি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলা এবং দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দলবদ্ধভাবে বেড়িবাঁধের বিভিন্ন অংশ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালান। এ সময় ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের প্যাকেটসহ বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি যত্রতত্র ময়লা না ফেলা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের সচেতন করা হয়।
কর্মসূচিতে মাদবরেরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা ফেরদৌসী, আমজাদ মুন্সি, দেশ সংগঠনের সাধারণ সম্পাদক এস এম দেলোয়ার হোসাইন, জ্যেষ্ঠ সদস্য মো. মহিউদ্দিন, মাসুদ রানা, শহিদুল ইসলাম, আমেনা আক্তার, কোষাধ্যক্ষ মো. শামীম, হামিদুর ও লামিয়া আক্তারসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। এ ছাড়া গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ প্রায় শতাধিক ব্যক্তি কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দেশ সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান বলেন, “পরিবেশ রক্ষা শুধু কোনো ব্যক্তি বা সংগঠনের একার দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে। তাই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাও জরুরি। পরিবেশ সুরক্ষায় দেশ সংগঠনের এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
ইউএনও এইচ এম ইবনে মিজান বলেন, “পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। নাগরিক হিসেবে সবাই দায়িত্ব যথাযথভাবে পালন করলে পরিচ্ছন্ন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে প্রতি শনিবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে শিবচরে প্রথমবারের মতো দেশ (DESH) সংগঠন এগিয়ে এসেছে। এ জন্য সংগঠনটিকে ধন্যবাদ জানাই। অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনও এ ধরনের উদ্যোগ নিয়ে আমাকে আমন্ত্রণ জানালে আমি তাদের পাশে থাকব।”
আয়োজক ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্লাস্টিক দূষণ প্রতিরোধ, দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং জনপরিসর পরিচ্ছন্ন রাখার বিষয়ে মানুষের সচেতনতা বাড়বে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।