শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শহিদ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় শিবচর পৌরসভার নন্দকুমার মোড় থেকে কলেজ মোড়গামী পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় হেঁটে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ফেলে চালক পালিয়ে যান। পরে স্থানীয়রা মোটরসাইকেলটি পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় জানা যায়নি।
শহিদুল ইসলাম শহিদ এলাকায় ‘শহিদ চেয়ারম্যান’ নামে পরিচিত ছিলেন। তিনি শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান নূর উদ্দিন মোল্লা, বর্তমান আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান, শিবচর পৌর বিএনপির আহ্বায়ক মো. কালাম মল্লিক, সদস্যসচিব মো. আজমল হোসেন সেলিম খান এবং সিনিয়র আহ্বায়ক মো. হেমায়েত হোসেন খান।
এ ছাড়া এনসিপির মাদারীপুর জেলা কমিটির সদস্যসচিব মো. ইয়াজ্জেম হোসেন রোমান শোক ও সমবেদনা জানিয়েছেন।
দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, মোটরসাইকেলচালককে শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। শহিদুল ইসলাম শহিদের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *