শিবচরে সাব-রেজিস্ট্রার খন্দকার আহসানুল হকের বিদায়ী সংবর্ধনা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার খন্দকার আহসানুল হকের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় দেড় বছর দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে ভূমিকা রাখায় সহকর্মী ও দলিল লেখকদের প্রশংসা পেয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টায় শিবচর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। অফিসের কর্মকর্তা-কর্মচারী, নকলনবিশ ও সনদপ্রাপ্ত দলিল লেখকদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর দলিল লেখক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীম মুন্সি।
বক্তারা বলেন, শিবচরে দায়িত্ব পালনকালে খন্দকার আহসানুল হক দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো এবং জনবান্ধব সেবা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়। তাঁর অমায়িক ব্যবহার, কর্মনিষ্ঠা ও পেশাগত দক্ষতা সহকর্মী এবং সেবাগ্রহীতাদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।
তাঁরা আরও বলেন, কর্মক্ষেত্রে তাঁর আন্তরিকতা ও সহযোগিতামূলক মনোভাব দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর বদলিতে সহকর্মী ও দলিল লেখকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদায়ী বক্তব্যে খন্দকার আহসানুল হক শিবচরে দায়িত্ব পালনকালে সবার আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিবচরে কর্মরত সময়ের প্রতিটি মুহূর্ত তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। সহকর্মীদের সহযোগিতা তাঁর দায়িত্ব পালনের পথকে সহজ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে তাঁর হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *