শিবচর থেকে ডাকাতি হওয়া তেলের ট্রাকসহ দুই ডাকাত নারায়ণগঞ্জে গ্রেফতার

শিবচর উপজেলা থেকে ডাকাতিকৃত তেলবাহী ট্রাকসহ দুই ডাকাতকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত পুলিশের খোয়া যাওয়া সাউন্ড গ্রেনেড, টিয়ার সেলসহ বিভিন্ন সরঞ্জাম এবং তেল বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল রাতে ট্রাকচালক ইছরাফিল হোসেন মিয়া ও হেলপার আবু বক্কর ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭৫ ব্যারেল (১৩,৯৫০ লিটার) পামওয়েল নিয়ে ঝিনাইদহ এর উদ্দেশ্যে রওনা হন। পথে নাওডোবা এলাকায় পৌঁছালে একটি পিকআপ দিয়ে রাস্তা অবরোধ করে সংঘবদ্ধ ডাকাত দল ট্রাকটি থামায়।
এরপর ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে চালক ও হেলপারকে আঘাত করে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়। পরে তাদের হাত-পা ও চোখ বেঁধে মাদবরেরচর ইউনিয়ন এর বাখরের কান্দি এলাকায় এক্সপ্রেসওয়ের পাশে ফেলে রেখে তেলবোঝাই ট্রাক নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় অভিযান চালিয়ে বাংলাদেশ পুলিশ নারায়ণগঞ্জ থেকে দুই ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত তেল, বিক্রির টাকা এবং ভয় দেখাতে ব্যবহৃত সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন কাদের জানান, ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, মাদারীপুর জেলা পুলিশ ডাকাতি, ছিনতাই, হত্যাসহ সকল ধরনের অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *