শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের

দেশে সাম্প্রতিক শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ভয়াবহ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক ঐক্য। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার। বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এই দাবি জানান।

নেতারা জানান, গত ৬ মে সিলেটে ৪ বছরের শিশু ফাহিমাকে ধর্ষণ চেষ্টার পর হত্যা, দুইদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার, ১৩ মে ঠাকুরগাঁওয়ে ৪ বছরের শিশু লামিয়া আক্তারকে ধর্ষণের পর হত্যা, ১৬ মে মুন্সিগঞ্জে ১০ বছরের শিশু আছিয়া আক্তারকে ধর্ষণের পর হত্যা, ১৯ মে ঢাকার মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এছাড়া রামপুরায় একটি মাদ্রাসা থেকে ১০ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

তারা বলেন, “একের পর এক নিষ্পাপ শিশুর ওপর পাশবিক নির্যাতন আমাদের সমাজ-রাষ্ট্র ও মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে।

“আমরা স্পষ্টভাবে বলতে চাই— শিশু ধর্ষণ মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। এই অপরাধের সঙ্গে জড়িতদের কোনও রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক পরিচয় বিবেচনা না করে দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

বিবৃতিতে উত্থাপিত দাবিগুলো হলো— শিশু ধর্ষণ ও নির্যাতনের মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে হবে; প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ ও সামাজিক পরিবেশে শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে; সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে; ভুক্তভোগী শিশু ও তাদের পরিবারের জন্য মানসিক, চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের রাজনৈতিক বা প্রভাবশালী পরিচয়ে রক্ষা করার সংস্কৃতি বন্ধ করতে হবে।

তারা দেশের সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের প্রতি শিশুদের নিরাপত্তা নিশ্চিতে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *