উৎসব মুখর পরিবেশে গনতান্ত্রিক প্রকৃয়ায় শিবচর প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক,
মাদারীপুরের শিবচর উপজেলার গণমাধ্যমকর্মীদের সংগঠন শিবচর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) শিবচর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের অডিটোরিয়ামে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক পদে মো. বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল আলিম শিকদার হৃদয়, কোষাধ্যক্ষ পদে রাজু আহমেদ এবং প্রচার সম্পাদক পদে রুবেল ফরাজি নির্বাচিত হন।
নির্বাচনকে কেন্দ্র করে দিনব্যাপী প্রেসক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্বাচন পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা সম্পন্ন হয়।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সদস্য, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় নবনির্বাচিত নেতারা শিবচর প্রেসক্লাবের ঐতিহ্য, মর্যাদা ও পেশাদারিত্ব অক্ষুণ্ন রেখে সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, ভোটার, নির্বাচন পরিচালনা কমিটি এবং নির্বাচন সফল করতে সহযোগিতাকারী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এদিকে, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিবচর থানা পুলিশের একটি চৌকস দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। এ জন্য শিবচর প্রেসক্লাবের পক্ষ থেকে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *