সাজেকে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনলো সেনাবাহিনী

টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সাময়িকভাবে বন্ধ থাকা সাজেক-বাঘাইহাট ও খাগড়াছড়ি সড়কের নিম্নাঞ্চলের পানি কিছুটা কমেছে। আবহাওয়ারও কিছুটা উন্নতি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত ৪২১ জন পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা স্কটের মাধ্যমে বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির উদ্দেশে রওনা করানো হয়।

জানা গেছে, খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধান ও নিরাপত্তা ব্যবস্থাপনার আওতায় পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পর্যটক বহনকারী ছোট-বড় মোট ১০১টি যানবাহন সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাত্রা শুরু করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর বর্তমানে সাজেক পর্যটন এলাকায় আর কোনো পর্যটক অবস্থান করছেন না।

সাজেক থেকে ফিরে আসা অনেক পর্যটক প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত ও সুশৃঙ্খলভাবে নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তাদের ভাষ্য, সেনাবাহিনীর সময়োপযোগী পদক্ষেপ, সার্বক্ষণিক তদারকি ও সহযোগিতার ফলে তারা নিরাপদে গন্তব্যে ফিরতে সক্ষম হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *