ফরিদপুর প্রতিনিধি: ঢাকায় সিআইডি পুলিশের এক কর্মকর্তার স্ত্রীর দায়ের করা চাঁদাবাজির মামলায় তিন সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৮ অক্টোবর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক নাজমিন আক্তার তাঁদের জামিন মঞ্জুর করেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আইনজীবীরা জামিন শুনানিতে অংশ নেন।
জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হলেন—ফরিদপুরের সাংবাদিক সাজ্জাদ হোসেন, রাজধানী টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি শাকিবুল ইসলাম এবং এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন।
বিএমএসএফের পক্ষ থেকে জানানো হয়, মামলার এক নম্বর আসামি সাংবাদিক সাজ্জাদ হোসেন প্রায় দেড় বছর আগে সংবাদ প্রকাশের জেরে মাদক কারবারি ও অবৈধ বালু উত্তোলনকারীদের হামলার শিকার হন। ওই হামলায় তাঁর হাত-পা ভেঙে যায়। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পাশাপাশি নিরাপত্তার কারণে তাঁকে ঢাকায় অবস্থান করতে হয়।
সংগঠনটির দাবি, সম্প্রতি দায়ের করা এ মামলায় তদন্ত ছাড়াই গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের আইনি সহায়তায় এগিয়ে আসে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।
জামিন শুনানিতে সাংবাদিক সংগঠন দুটির পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আছিবুর রহমান আসিফ, অ্যাডভোকেট খায়ের উদ্দিন সিকদার, অ্যাডভোকেট নাজমা সুলতানা নীলা ও অ্যাডভোকেট মশিউর রহমান। এ সময় বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর এক বিবৃতিতে বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হতে হবে। তদন্ত ছাড়াই সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারির আইনগত বৈধতা নিয়ে তাঁরা প্রশ্ন তুলতে চান।
তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা, ন্যায়বিচার ও আইনগত অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ মামলায় অভিযুক্ত সাংবাদিকদের আইনি পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখবে সংগঠনটি।
বিবৃতিতে নেতৃবৃন্দ মামলাটির নিরপেক্ষ তদন্ত, সাংবাদিক সাজ্জাদ হোসেনসহ অন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ তৈরির দাবি জানান।