সিআরবিতে হাসপাতাল নির্মাণে সরকারের কোনও পদক্ষেপ নেই: রেলমন্ত্রী

চট্টগ্রাম নগরের সিআরবিতে হাসপাতাল নির্মাণে সরকারের কোনও পদক্ষেপ নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সিআরবি এলাকা রেলওয়ের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে সরকার হাসপাতাল নির্মাণের মতো এ ধরনের কোনও প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে না এবং এ নিয়ে কোনও সিদ্ধান্তও হয়নি।’

সিআরবির বর্তমান অবস্থা কী, সেখানে কোন অবৈধ স্থাপনা আছে কি না, কিংবা বিদ্যমান অফিস ও কোয়ার্টারগুলোর অবস্থান কী- এসব বিষয় দেখতেই এই পরিদর্শন।

সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রসঙ্গে বলেন, ‘অতীতে এখানে প্রথমে ২০০ শয্যার এবং পরে ৫০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব পিপিপি পদ্ধতিতে এসেছিল এবং তা অনুমোদনও পেয়েছিল। তবে সে সময় কিছু মানুষের আপত্তির কারণে প্রকল্পটি এগোয়নি। তাদের মতে, সিআরবি চট্টগ্রামের ফুসফুস ও অক্সিজেন সরবরাহের উৎস- এটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণেই তৎকালীন সরকার প্রকল্পটি আর এগিয়ে নিতে পারেনি।’

মন্ত্রী বলেন, ‘আগের প্রস্তাবে বলা হয়েছিল- কোনও বৃক্ষের ক্ষতি না করে এবং বিদ্যমান অবস্থা অক্ষুণ্ন রেখে সম্ভাবনা থাকলে হাসপাতাল নির্মাণ করা হবে। তবে বর্তমান সরকার এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।’

সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে চলমান আন্দোলনের বিষয়ে শেখ রবিউল আলম বলেন, ‘আন্দোলন হতেই পারে- কে করছে, তা তাদের বিষয়। তবে রেলওয়ে কর্তৃপক্ষ পিপিপি প্রক্রিয়ায় যে অগ্রসর হয়েছিল, সেটি এখন বাস্তবায়ন করতে যাচ্ছে- এমন কোনও বিষয় নয়।’

এদিকে, রেলমন্ত্রীর হাসপাতাল প্রকল্পের স্থান পরিদর্শনের খবরে রবিবার সকাল থেকে সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *