হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব

সৌদি আরবের ওপর হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরানের মধ্যস্থতায় ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান তেহরান সফর করেন। এক কূটনৈতিক সূত্রের দাবি, সৌদি প্রতিরক্ষামন্ত্রী তাঁর হারকিউলিস সামরিক পরিবহন বিমানে করে ১০০ কোটি ডলার তেহরানে নিয়ে এসেছিলেন। তবে অর্থ হস্তান্তরের বিষয়টি সৌদি আরবের কোনো কর্মকর্তা নিশ্চিত করেননি।

তেহরানে বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা

তেহরানের ওই আলোচনায় উপস্থিত ছিলেন তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন, পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনীর, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক মহসেন রেজাই এবং ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ কর্মকর্তারা।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হুথিদের ধারাবাহিক হামলায় দেশটির অর্থনৈতিক ক্ষতি হওয়ায় ইরান মধ্যস্থতার এ প্রস্তাব দিয়েছিল।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সরকারি বিবৃতিতে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের তেহরান সফর বর্তমান সংকটের পক্ষগুলোর মধ্যে উত্তেজনা কমানো, সংলাপ ও কূটনৈতিক সমাধানকে উৎসাহিত করা এবং কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন করার লক্ষ্যে নেওয়া উদ্যোগের অংশ।

আগের সমঝোতা বাস্তবায়ন নিয়ে বিরোধ

ইসরায়েলি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা এক সৌদি কর্মকর্তা অর্থ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেননি। তবে তিনি জানান, তিন বছর আগে হওয়া সমঝোতা বাস্তবায়ন নিয়েই সংঘাতের মূল বিরোধ।

ওই সমঝোতা অনুযায়ী, হুথিদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলের সরকারি কর্মচারীদের বেতন পরিশোধ এবং অবকাঠামো পুনর্নির্মাণে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল। এর বিনিময়ে হুথিদের হামলা বন্ধ রাখার কথা ছিল।

হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সমঝোতার অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলেছে। অন্যদিকে, সৌদি আরবের অবস্থান হলো, সামরিক চাপ বা ব্ল্যাকমেইলের মুখে তারা নতুন করে যুদ্ধবিরতিতে যাবে না।

প্রতিবেদনে আরও বলা হয়, মক্কা যৌথ প্রতিরক্ষা জোট ও ইরানি নেতৃত্বের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। গত সপ্তাহে পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফরের সময় এ উদ্যোগের সূত্রপাত হয়।

তবে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব কিংবা সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বিমানে করে ওই অর্থ তেহরানে নিয়ে যাওয়ার দাবির কোনোটি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *